আমাদের কথা
তাফালবাড়ী স্কুল এ্যান্ড কলেজের ওয়েবসাইটে স্বাগত। দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার প্রসারে ব্রতী আমরা। - ধন্যবাদ
সংক্ষিপ্ত ইতিহাস
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর,জীববৈচিত্রের লীলাভূমি বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনের কোলঘেঁষে বাংলাদেশের সর্ব দক্ষিণে সমুদ্র উপকূলীয় অঞ্চল বাগেরহাট জেলাধীন শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামে তাফালবাড়ী স্কুল এ্যান্ড কলেজটির অবস্থান। প্রতিষ্ঠানটি ব্রিটিশ সরকারের শাসনামলে অত্র এলাকার প্রভাবশালী শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম আব্দুল কাদের হাওলাদার তাফালবাড়ী বাজার সংলগ্ন তার রেকর্ডিয় সম্পত্তি ১.২৮ শতক জমির উপর ১৯৪৬ সালে ❝জিএম রেইলী এসই স্কুল❞ নামে পঞ্চম শ্রেণি পর্যন্ত এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে কালের পরিক্রমায় বর্তমান বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পার্শ্বে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকে। ১৯৬২ সালে ❝জি এম রেইলী এসই স্কুল জুনিয়র❞ নামে নামকরণ করা হয়। ১৯৬৯ সালে এলাকার একদল নিবেদিতপ্রাণ সমাজকর্মী তাদের শ্রম, মেধা অর্থানুকূল্যে প্রতিষ্ঠা হল ❝তাফালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়❞। যেসকল মহৎপ্রাণ ব্যক্তিবর্গের প্রচেষ্টার পরিশ্রমের ফসল এ বিদ্যাপীঠ তাদের মধ্যে অন্যতম ছিলেন এলাকার ধনাঢ্য, ধার্মিক ও পরোপকারী ব্যক্তিবর্গ মরহুম শহীদ শামসুল হক বেপারী, মোঃ আবুল হাসেম হাওলাদার, শ্রী জগদীশচন্দ্র হালদার, এসএসটিএস সালেহ (সিও রেভ) প্রমুখ। প্রতিষ্ঠার সময় থেকেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতামন্ডলী ও এলাকার দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। অনেক ব্যক্তিবর্গ ভূমিদানসহ আর্থিক সহযোগিতা করেছেন; যা কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে হয়। বিশেষভাবে শহীদ শামসুল হক ব্যাপারীর দানকৃত ৫০ শতক জমির উপর বর্তমান বিদ্যালয় ভবনটি প্রতিষ্ঠিত। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বে পূর্বের সকল কাগজপত্র বিনষ্ট হয়। ১৯৭২ সালে বিদ্যালয়টিতে বিজ্ঞান শাখা খোলা হয় এবং ❝তাফালবাড়ী দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়❞ হিসেবে নামকরণ করা হয়।১৯৮৩ সালে ব্যবসা শাখা খোলা হয়। ১৯৯৫ সালে এলাকার গণমানুষের দাবির প্রেক্ষিতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আসম মুস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মরহুম ডা. মোজাম্মেল হোসেন এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেনের কায়িক পরিশ্রম ও আর্থিক অনুদান ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলা হয় এবং প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ❝তাফালবাড়ী স্কুল এ্যান্ড কলেজ❞। ২০০৪ সালে প্রতিষ্ঠানটিতে কম্পিউটার শাখা খোলা হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটিতে এসএসসি কারিগরি ভোকেশনাল শাখা চালু করা হয়। উক্ত শাখায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন, ভোকেশনাল শাখায় এমপিওভুক্তি হয়নি। প্রতিষ্ঠানটির স্কুল,কলেজ ও ভোকেশনাল শাখায় পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, স্কাউট,গার্লস গাইড, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি সহঃশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে সফলতার স্বাক্ষর রেখে চলছে। উপজেলা পর্যায়ে সুনাম কুড়িয়েছে। জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদার সাথে পালন করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত।
লক্ষ্য ও উদ্দেশ্য
দক্ষিণ অঞ্চলের মানুষের শিক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও সবার মাঝে জ্ঞানের আলো ছড়ানোই আমাদের উদ্দেশ্য।